নতুন বিতর্কে ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো | ছবি: সংগৃহীত
0

নিয়মিত ৪০ লাখ পাউন্ডের বাইরে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগে নতুন করে বিতর্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আইআরএসের প্রকাশিত তথ্যানুযায়ী ১৩ লাখ পাউন্ড গ্রহণ করলেও ফিফার বার্ষিক প্রতিবেদনে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। যা নিয়মবহির্ভূত বলে দাবি ফিফা গভর্নেন্স কমিটির সাবেক প্রধানের।

সেপ ব্ল্যাটারের পর ফিফাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে চেয়ারে বসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে নিজের মেয়াদেও কম বিতর্কিত হননি তিনি। বিশ্বকাপ ফুটবল নিয়ে বাণিজ্যিকীকরণসহ নানা কারণে প্রশ্নবিদ্ধ হন তিনি।

এবার বিশ্ব ফুটবলের সংস্কারের বুলি আউড়ানো ফিফা সভাপতির বিরুদ্ধে নিয়মিত বেতনের বাইরে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগে নতুন করে তোলপাড় ফুটবল বিশ্ব।

ফিফা সভাপতির নিয়মিত আয় ৪০ লাখ পাউন্ড। তবে এর বাইরে ফিফা বিশ্বকাপ শুরুর আগে অতিরিক্ত ১৩ লাখ পাউন্ড নেন ইনফান্তিনো। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা আইআরএসের নথি প্রকাশ্যে আসার পরই শুরু হয় এই সমালোচনা।

আরও পড়ুন:

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আসন্ন বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া অঙ্গপ্রতিষ্ঠান এফডব্লিউসি২০২৬ ইউএস ইঙ্ক ইনফান্তিনোকে ১৭ লাখ ৬০ হাজার ডলার দেয়। তবে এই বিপুল অর্থের বিষয়ে ফিফার বার্ষিক প্রতিবেদনে কোনো কিছু উল্লেখ না থাকায় শুরু হয় বিতর্ক।

যেখানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নিজস্ব বিধিমালায় স্পষ্ট নির্দেশ রয়েছে ফিফা প্রেসিডেন্টের ব্যক্তিগত পারিশ্রমিকের প্রতিটি লেনদেন সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। এই নিয়মের সুস্পষ্ট লঙ্ঘনের পর আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, সংস্কারের দাবি করা ফিফা আসলে এখনো পুরোনো অন্ধকারেই নিমজ্জিত।

বার্ষিক প্রতিবেদনে এই তথ্য গোপন রাখা ফিফার স্বচ্ছতা ও জবাবদিহিতাকে বড়সড় প্রশ্নের মুখেও দাঁড় করিয়েছে। অন্য গণমাধ্যম দ্য টাইমসে দেয়া এক সাক্ষাতকারে ফিফা গভর্নেন্স কমিটির সাবেক প্রধান মিগুয়েল মাদুরো বলেছেন ফিফা সভাপতির বাড়তি অর্থ পাওয়ার বিষয়টি নিয়ম বহিভূত বলে তদন্ত করার আহ্বান জানান তিনি।

এই কেলেঙ্কারি ফাঁসের পর এখনো পর্যন্ত ফিফা জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এসএইচ