মিশরের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ের আগে বেশ উজ্জীবিত আর্জেন্টাইন শিবির। আর আকাশি সাদাদের সমর্থন যোগাতে আটলান্টার পুরো শহর জুড়ে চলছে উৎসব। আটলান্টা যেন ছোট এক বুয়েন্স আইরেস। চারিদিকে আকাশি সাদা জার্সির ঢেউ, হাতে পতাকা, মুখে একটাই স্লোগান। ভামোস আর্জেন্টিনা।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের আশপাশ জুড়ে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন সমর্থকরা। কেউ ড্রামের তালে নাচছেন, কেউ গাইছেন দলের জনপ্রিয় গান। আর কেউ পরিবার-পরিজন নিয়ে ক্যামেরাবন্দী করছেন স্মৃতি।
লিওনেল মেসির জার্সি যেন সবচেয়ে বড় আকর্ষণ। শিশু থেকে প্রবীণ, সব বয়সী সমর্থকদের গায়ে একই রঙ, একই স্বপ্ন। অনেকেই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসেছেন শুধু প্রিয় দলকে সমর্থন জানাতে।
প্রতিপক্ষ মিশরকে নিয়ে যথেষ্ট সম্মান থাকলেও আর্জেন্টাইন ভক্তদের বিশ্বাস, আজও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বেন মেসিরা। ম্যাচের আগে উত্তেজনা আর আনন্দ এখন তুঙ্গে। গান, নাচ স্লোগান আর উৎসবের রঙ্গে আটলান্টা এখন পুরোপুরি ফুটবলময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সমর্থকদের কণ্ঠে যেন ঘোষণা-আজকের রাতটা শুধুই আর্জেন্টিনার।
এখন অপেক্ষা শুধুই রেফারির বাঁশির। গ্যালারির উচ্ছ্বাস মাঠের পারফরম্যান্সে রূপ নিতে পারলেই আটলান্টার এ উৎসব পরিণত হবে আর্জেন্টিনার আরেকটি স্মরণীয় রাতে।





