সৃজনশীল বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের আশ্বাস সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

আবিদ মঈন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন | ছবি: বাসস
0

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, শিক্ষার্থীদের জন্যে সৃজনশীল বাংলাদেশ গড়তে চাই। তাদের মানসিক বিকাশের জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ (শনিবার, ৮ আগস্ট) জেলার লালপুর বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

ফারজানা শারমীন বলেন, বিগত ১৭ বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে রাখা হয়েছে। ফলশ্রুতিতে মানসিক শক্তি হারিয়ে হতাশা থেকে তারা অনলাইন জুয়া আর মাদকের ভয়াল ছোবলের শিকার হয়েছে।

তিনি বলেন, ‘বিগত সরকার প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে। কারণ প্রকৃত শিক্ষা পেলে তারা কথা বলতে শিখবে, মেরুদন্ড সোজা করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে।’

ফারজানা শারমীন বলেন, ‘বিগত ১৭ বছর শিক্ষার্থীদের মাথায় পড়াশুনার বোঝা চাপিয়ে দেয়া হয়েছে, জিপিএ ফাইভ প্রাপ্তির যুদ্ধ ক্ষেত্রের যোদ্ধা বানানো হয়েছে। অনেক শিক্ষার্থী এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যাও করেছে। আমরা এমন শিক্ষাব্যবস্থা চাই না। আমরা চাই, আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্ব দিয়েছেন। তাদেরকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করছেন।’

তিনি আরও বলেন, ‘সেই লক্ষ্যে টেলিভিশনে নতুন কুঁড়ি আয়োজন করেছেন। নতুন কুঁড়ির শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সারা দেশের খেলার মাঠে পৌঁছে গেছে। আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের চর্চা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধিত হোক। তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার মাধ্যমে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গড়ে উঠবে।’

প্রতিমন্ত্রী বলেন, পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদেরকে প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্যে শ্রেণিকক্ষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। আমাদের সন্তানদের সম্পদে পরিণত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে।

প্রতিমন্ত্রী দিনব্যাপী লালপুর উপজেলার এবি ইউনিয়ন, দুয়ারিয়া ইউনিয়ন, কদিমচিলান ইউনিয়ন, ওয়ালিয়া ইউনয়নে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি আড়বাব ইউনিয়নে সড়ক উন্নয়ন এবং লালপুর ইউনিয়নে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী এবি ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোলাম।

এএম