দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দেশকে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে। আজ (শনিবার, ৮ জুলাই) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসকদের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করেছে, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব বিএনপির ওপর পড়েছে। বিএনপি যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে, তখন একটি মহল ও একটি দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’

দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি, যখনই দেশ এগিয়ে যেতে শুরু করে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আবার পেছনে টেনে নেয়ার অপচেষ্টা করে।’

আরও পড়ুন

চিকিৎসকদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘চিকিৎসকরা সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত শ্রেণির অন্যতম এবং দেশের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সম্পর্কে জনগণকে সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নতুন উন্নয়ন, মানুষের মর্যাদা এবং সমতার ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত হবে।’

সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে তারা চিকিৎসকদের সমাবেশের উদ্বোধন করেন।

সমাবেশে ডা. মোস্তফা আজিজ সুমন ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত: সংকট থেকে সমাধান’ এবং সাইফ মোহাম্মদ ‘দ্য রাইজ অব দ্য ন্যাশনাল হেলথ সিস্টেম’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।

ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।

জেআর