নকআউটের আগে আত্মবিশ্বাসী ইরান; আবেগ ছুঁয়ে গেল কোচের কণ্ঠে

ইরান ফুটবল দলের কোচ আমির গেলোনোই
ইরান ফুটবল দলের কোচ আমির গেলোনোই | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে আরও একবার নিজের দেশ নিয়ে আবেগঘন বার্তা দিলেন ইরানের কোচ আমির গেলোনোই। মিশরের বিপক্ষে শেষ ম্যাচে ইতিবাচক ফল পেলে নকআউট নিশ্চিত হবে ইরানের। বিগ ম্যাচের আগে ইরান কোচের কণ্ঠে শোনা গেল দৃঢ় আত্মপ্রত্যয়।

বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র। প্রতিকূলতার মাঝেও লড়াই করেই দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট ছিনিয়ে এনেছে ইরানের ফুটবলাররা। বিশ্বকাপে নকআউটের দৌড়েও এখন পর্যন্ত টিকে আছেন টিম মেল্লি। শেষ ম্যাচ মিশরের বিপক্ষে। যেখানে জয় পেলে নিশ্চিত হবে রাউন্ড অফ ৩২।

বরাবরের মতোই মেক্সিকোর তিহুয়ানা থেকে উড়াল দিয়ে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে যাচ্ছে ইরান। তাতে ফুটবলারদের ভ্রমণক্লান্তি বেড়েছে অনেকখানি। ভোগান্তির কথা মেনে নিলেও মিশর ম্যাচের আগে কিছুটা আশাবাদী শোনা গেল ইরান কোচ আমির গেলোনোইকে।

ইরান ফুটবল দলের কোচ আমির গেলেনোই বলেন, ‘আপনারা সবাই জানেন, গত ম্যাচে দলকে খেলায় আসা এবং ফিরে যাওয়া নিয়ে মোট ১৬ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে। এমন কিছু আগে দেখা যায়নি। কিন্তু এবারে ৩ ঘণ্টার ভ্রমণ আমাদের জন্য আগের দুই ম্যাচের চেয়ে ভালো পরিবেশ দিচ্ছে। আমার মনে হয়, আমর আগামীকালের ম্যাচে আরও ভালো শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে খেলতে পারবো।’

হারলে বিশ্বকাপ থেকে বাদ যেতে হবে। জয় পেলে নকআউট। তবে ইরান কোচ শোনালেন আশার কথা। বললেন, নিজ দেশকে প্রতিনিধিত্ব করতেই তাদের এই ফুটবলের লড়াই।

ইরান ফুটবল দলের কোচ আমির গেলেনোই বলেন, ‘আমরা এখানে এসেছি আমাদের জনগণকে খুশি করতে। আর একবার যখন ম্যাচ শুরু হয়, আমাদের নজর শুধুই মাঠে থাকে। আমার মনে হয়, এখানে অন্যকিছুর সুযোগ নেই কারণ খেলোয়াড় এবং কোচ সবার জন্যেই ম্যাচটা খুব কঠিন। এখানে আমরা আমাদের জাতি এবং ইরানের একজন যোগ্য প্রতিনিধি হিসেবে লড়াই করতে এসেছি।’

ইরানের কোচ অবশ্য বারবারই বলে গেলেন, রাজনীতি নয় ফুটবলের মাঠেই তাদের সব নজর। সেই লড়াই ইরানকে কী এনে দেবে তা নির্ধারিত হবে মিশরের বিপক্ষে ৯০ মিনিটের ম্যাচ শেষে।

জেআর