বিশ্বকাপ স্মৃতিতে আজও আক্ষেপ মারিও গোটসের

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর মারিও গোটসের উল্লাস
ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর মারিও গোটসের উল্লাস | ছবি: সংগৃহীত
0

২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালের পর মেসির সঙ্গে তোলা ছবি নিয়ে আক্ষেপ ঝরলো মারিও গোটসের কণ্ঠে। তার কাছে বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় গোলগুলোর একটি ছিলো ২০১৪ বিশ্বকাপের ফাইনালের জয়সূচক গোল। ফাইনালে আর্জেন্টিনার হৃদয় ভেঙে জার্মানিকে শিরোপা এনে দিয়েছিলেন মারিও। ১২ বছর পর আবারও বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে ফিরে দেখলেন সেই ঐতিহাসিক মুহূর্ত। তবে স্মৃতির ভাঁজে বড় হয়ে উঠলো আক্ষেপও।

নিউইয়র্কের রকফেলার সেন্টারে ফিফা মিউজিয়ামে বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে যেন সময়টা আবার ফিরে গেল ২০১৪ সালের মারাকানায়। অতিরিক্ত সময়ে আন্দ্রে শুরলের নিখুঁত ক্রস, আর সেটিকে দুর্দান্ত ভলিতে জালে পাঠিয়ে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ এনে দেন মারিও গোটসে।

গোটসে জানান, তখন তার বয়স ছিল মাত্র ২২। সেই গোলের গুরুত্ব পুরোপুরি বুঝতে সময় লেগেছে। এখন বুঝতে পারেন, এটি শুধু একটি গোল নয়, জার্মান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত।

তবে সেই আনন্দের দিনেই ঘটে একটি ভুল। ম্যাচের পর হতাশ লিওনেল মেসির সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন গোটসে। তিনি স্বীকার করছেন, মেসির প্রতি শ্রদ্ধা থেকেই ছবিটি তুলেছিলেন, কিন্তু সেটি প্রকাশের সময় মোটেও ঠিক ছিল না।

এদিকে সময় বদলেছে। ২০২২ সালে বিশ্বকাপ জিতে অপূর্ণতা ঘুচিয়েছেন মেসি। আর ২০২৬ বিশ্বকাপেও ৩৯ বছর বয়সে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি।

মেসির এই ধারাবাহিকতাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন গোটসে। তবে এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না জার্মান তারকা। তার মতে, টুর্নামেন্ট এখনও অনেক বাকি।

এসএস