বাংলাদেশ ফুটবলের ডাগআউটে বদলের হাওয়া। কাবরেরার বিদায়ের পর শূন্য হওয়া আসনে বসতে আবেদন জমা পড়েছে রেকর্ডসংখ্যক প্রায় ৩০০ কোচের সিভি। এর মধ্যে দফায় দফায় সংক্ষিপ্ত তালিকা করে সবশেষ ১০ এ এসে ঠেকেছে বাফুফে। সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ব্রাজিলকে অলিম্পিক জেতানো রোজারিও মিকেল, ওয়েলসের ক্রিস কোলম্যানসহ স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়ার নামিদামি সব কোচদের। সেরাদের থেকে সেরাকে খুঁজে বের করতে সময় নিচ্ছে বাফুফে।
মানসম্মত কোচ মানেই বিশাল অঙ্কের বেতন। এরমধ্যে অনলাইন সাক্ষাৎকারে বেশ কয়েকজন কোচের সঙ্গে দরকষাকষি চলছে বাফুফের। সবশেষ ক্যাবরেরার পেছনে ১৩ হাজার ডলার খরচ করা বাফুফের সীমিত বাজেটে কি তা সম্ভব?
বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, ‘এখনো আমাদের সাক্ষাৎ চলছে। তিন দিন কথা হয়েছে। এখনো একটু সময় লাগবে। রোজারিও মিশেলজে আছে উনি ২৫ থেকে ৩০ হাজার ডলার চেয়েছে।’
আরও পড়ুন
এদিকে হাই প্রোফাইল কোচ আনতে বাফুফের পাশে দাঁড়িয়েছে খোদ সরকার। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের দুয়ারে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কড়া নাড়লে হতাশ করেননি তিনি। কোচের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা যে কোচ কে বেছে নিবো, তাকে আমরা সব ধরনের সহযোগিতা করার কথা দিয়েছি। আশাকরি বাংলাদেশের ফুটবলের জন্য যে কোচ ভালো হবে তাকেই আমরা বেছে নিতে চাই।’
বৈঠকে বাফুফের কোচ ইস্যু ছাড়াও ফেডারেশনের চাওয়া স্বতন্ত্র মাঠের বিষয়ে প্রতিমন্ত্রীর সবুজ সংকেত পেয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।





