রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

গোল দেয়ার পর রোনান সুলিভানের উচ্ছ্বাস
গোল দেয়ার পর রোনান সুলিভানের উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক রাঙিয়েছেন নাম্বার নাইন রোনান সুলিভান। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দেন এ স্ট্রাইকার।

বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলারদের খেলা নিয়ে আলোচনা ছিল বেশ। বিশেষ করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য দলের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া সুলিভান ব্রাদার্সের লাল সবুজের জার্সিতে খেলা দেখতেও উদগ্রীব ছিল পুরো বাংলাদেশ।

সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতায় প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জমজ দুই ভাইয়ের এক সঙ্গে হলো না অভিষেক। সুযোগ পেয়ে নিজের প্রথম ম্যাচে রীতিমত তাক লাগালেন রোনান সুলিভান। অবশ্য ম্যাচের শুরুর একাদশে নেমে যোগ্য সঙ্গীর অভাবে নিজের কারিশমা দেখাতে কিছুটা সময় নিয়েছেন যুক্তরাষ্ট্রে বড় হওয়া এ ফুটবলার।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসে মার্ক কক্সের শিষ্যরা। বিপরীত দিক থেকে আসা আক্রমণও প্রতিহত করতে সজাগ দৃষ্টি রাখেন বাংলাদেশের ডিফেন্ডাররা। দু’দলের আক্রমণ-প্রতি আক্রমণে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অপেক্ষা বাড়ে গোল উৎসবের।

আরও পড়ুন:

বিরতি থেকে ফিরে বাংলাদেশের দাপুটে ফুটবলের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। ৫৪ মিনিটে বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে রোনান সুলিভানের ডান পায়ের ম্যাজিকিল ফ্রি-কিকে হতভম্ব পাকিস্তানি গোলকিপার। আর এরই মাধ্যমে নিজের অভিষেক ম্যাচেই দারুণ এক গোলের গল্প রচনা করেন রোনান। তাতে কাঙ্ক্ষিত লিড পায় বাংলাদেশ, বাধভাঙ্গা উল্লাস দেখা যায় মাঠ-গ্যালারি থেকে শুরু করে ডাগআউট পর্যন্ত সব জায়গায়।

অবশ্য এক গোল করেই ক্ষান্ত হননি বাংলাদেশর বয়সভিত্তিক দলের এ প্রবাসী ফুটবলার। ম্যাচের ৬৭ মিনিটের সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুত হেডে পাকিস্তানের গোলরক্ষককে আবারও বোকা বানান সুলিভান। এতে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের বাকি সময় পাকিস্তানকে আর কোনো গোল শোধ করতে দেয়নি বাংলাদেশের ডিফেন্ডাররা। এ জয়ে আপাতত ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এএইচ