এক রানের আক্ষেপ নিয়ে শেষ করেছিলেন দিন। অপেক্ষা ছিল কেবল একটি রানের। সেই অপেক্ষা আর দীর্ঘ হতে দিলেন না সাদমান ইসলাম। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেয়ার দায়িত্বটা দারুণভাবেই পালন করেছেন এই ওপেনার।
প্রথম দিনের শেষটা হয়েছিল ৯৯ রানে অপরাজিত থেকে। তাই দ্বিতীয় দিনের শুরুতেই সবার চোখ ছিল সাদমানের দিকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন জশুয়া বিশপ। প্রথম বলে রান না পেলেও দ্বিতীয় বলেই অপেক্ষার অবসান। লেগ স্টাম্পে করা বলটি সামলে দুই রান নেন সাদমান। ২২১ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি।
আরও পড়ুন:
বাংলাদেশের টেস্ট ইতিহাসে ৯৯ রানে দিন শেষ করে পরদিন সেঞ্চুরি করার কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটসম্যান সাদমান। এর আগে এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম। দীর্ঘ সময় ক্রিজে থেকে ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ের দারুণ উদাহরণ দেখিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য এখন বড় সংগ্রহ গড়া। যদিও সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি তিনি। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করে বিশপের বলে লেগ বিফোর দ্যা উইকেটের শিকার হয়ে সাঝঘরে ফেরেন এই ওপেনার।
প্রায় দেড় বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার। সবশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাদমান।




