হতাশা আর স্বস্তির এক অদ্ভুত দোলাচলে কেটেছে কয়েক দিন। এশিয়ান গেমসের ক্রিকেটে মাঠে না নেমেই সেমিফাইনাল। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায়, টুর্নামেন্টের নিয়মানুযায়ী সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
তবে কোনো ম্যাচ না খেলে শেষ চারে ওঠায় নিজেদের শক্তি পরখ করার সুযোগ পাননি লিটন-আফিফরা। এমনকি জাপানে সেভাবে মাঠের অনুশীলনও করার সুযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট দল।
তবে কালো মেঘের পর অবশেষে জাপানের আকাশে দেখা মিলেছে ঝলমলে সূর্যের। টানা বৃষ্টিতে মূল ভেন্যুরপরিচর্যায় ব্যস্ত মাঠের কর্মীরাও। আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটাররা।
দলের মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি জানিয়েছেন, সূর্য ওঠায় তারা ম্যাচটি মাঠে গড়ানোর ব্যাপারে ভীষণ আশাবাদী। নিজেদের সেরাটা দিয়ে মাঠের লড়াইয়ে জিতেই ফাইনালে যেতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাঠে রোদ আছে। আশা করছি খেলার জন্য আমরা একটা ভালো আবহাওয়া পাবো। অনুশীলন হয়নি, তবে আমরা সবসময় নিজেদের মেন্টালি ফিট রাখি, চেষ্টা করি যতটা বেশি মাঠে থাকা যায়।’
আবহাওয়া পূর্বাভাস বলছে, বুধবারের মতো ম্যাচ ডেতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। যে কারণে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেই ফাইনালের টিকিট কাটার লক্ষ্য বাংলাদেশের। তবে মাঠের লড়াইয়ে নামার আগে পাকিস্তানকে সমীহ করছে বাংলাদেশ।
রাব্বি বলেন, ‘যখন আমরা মাঠে নামি, সবাই ভালো দল। যারা ভালো খেলতে পারবে, তারাই জিতবে। আমরা আমাদের সেরাটা দিতে চাই। উইকেট দেখেছি, বেশ ভালো উইকেট এটি।’
তিনি বলেন, ‘প্রতিটি দলের সঙ্গেই আমাদের প্রসেসটা মেইনটেইন করা এবং পজিটিভ ক্রিকেট খেলা উচিত। সবগুলো দলের সঙ্গে আমাদের এই দুইটা জিনিস কমন। বাকিটা উইকেট দেখে, আবহাওয়া দেখে সেভাবে খেলার সিদ্ধান্ত নেয়া যাবে।’
পাকিস্তানের বিপক্ষে মাঠের মহাযুদ্ধে জিতে লিটন রাব্বিরা এশিয়ান গেমসের ফাইনালে মঞ্চে পৌঁছাবেন এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।





