আড়াই মাসের ব্যবধানে ৩ ফরম্যাটের ৬ সিরিজ। মাঠে বাংলাদেশ ক্রিকেটাররা যতটা ব্যস্ত, মাঠের বাইরে নির্বাচকরাও তেমনই ব্যস্ত দল গোছানোর পরিকল্পনায়।
বর্তমানে ক্রিকেটারদের বড় একটি অংশ ব্যস্ত জাপানের এশিয়ান গেমসে। সেখান থেকে সরাসরি উড়াল দিতে হবে সংযুক্ত আরব আমিরাতে। এক টেস্টের পাশাপাশি যেখানে খেলতে হবে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এই সিরিজ সামনে রেখেই কিছুটা পরীক্ষা নিরীক্ষা হতে পারে জাতীয় দলে।
এখন টিভিকে বিসিবির নির্বাচক প্যানেলের দেয়া তথ্য অনুযায়ী, পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখতে এই সিরিজের নিয়মিত স্কোয়াডের সঙ্গে থাকবেন মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইমন। মুশফিক হাসান বেশ কিছুদিন ধরেই স্কোয়াডের অংশ। অস্ট্রেলিয়ায় টেস্ট দলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের অংশ ছিলেন তিনি।
আরও পড়ুন:
তাসকিন-নাহিদ রানাদের বিশ্রাম দিতে এই পেসারের অভিষেক হতে পারে আসন্ন সিরিজে। অন্যদিকে ইকবাল হোসেন ইমনকে জাতীয় দলের পরিবেশের সঙ্গে পরিচিত করাতে চান নির্বাচকরা। ব্যাকাপ হিসেবেই আরব আমিরাতের ফ্লাইটে উঠবেন তিনি।
এখন টিভিকে বিসিবির সূত্র জানায়, ওয়ানডে সিরিজের দলে থাকতে পারেন ইয়াসির আলী রাব্বিও। ২০২৩ সালের মার্চের পর থেকে ওয়ানডে দলে জায়গা হয়নি চট্টগ্রামের এই ব্যাটারের। তবে, টানা খেলার ধকল থেকে দলকে কিছুটা ছাড় দিতে ইয়াসির রাব্বিকে স্কোয়াডে আনা হতে পারে।
এছাড়া এই ওয়ানডে সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরছেন নাহিদ রানাও। ৯ অক্টোবর একমাত্র টেস্টের পর ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন জাতি ওয়ানডে সিরিজ।




