বাংলাদেশে দল পাঠাতে রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

অনিশ্চয়তায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজ
অনিশ্চয়তায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজ | ছবি: এখন টিভি
0

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশে আসতে রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক জানালেন, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।

ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটেও বাংলাদেশ-ভারত দ্বৈরথ হয়ে উঠেছে এক মহারণের নাম। যার কারণে মাঠের লড়াইয়ে নামার আগেই চলছে মাঠের বাইরের অনেক হিসেব-নিকেশ।

গত বছরই সাদা বলের পূর্নাঙ্গ সিরিজ খেলতে টাইগারদের ডেরায় আসার কথা ছিলো রোহিত-কোহলিদের। রাজনৈতিক অস্থিরতায় সেই সিরিজ বাতিল করেছিলো বিসিসিআই। তবে চলতি বছরেও সম্পর্কের টানাপোড়েনের দিন পাড়ি দিয়ে আশার মুখ দেখছিলো এই সিরিজ।

সেপ্টেম্বরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার জন্য আগস্টের শেষেই বাংলাদেশে আসার কথা টিম ম্যান ইন ব্লুদের। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, এখনো এই সিরিজের ব্যাপারে নিশ্চিত নয় বিসিসিআই। বাংলাদেশে খেলতে আসবে কি না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে তারা। যদিও এই ব্যাপারে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি কিছুই জানি না, কারণ এখনও হবে কি না তার কোনো আপডেট নেই। যেহেতু কোনো আপডেট এখন পর্যন্ত জানি না, তাই এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না আমি।’

শেষ পর্যন্ত ভারত না আসলে বিকল্প কোনো সিরিজ বা টুর্নামেন্ট আয়োজন হবে কি না— এমন প্রশ্নেরও কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি তিনি।

নান্নু বলেন, ‘ডোমেস্টিক ক্রিকেটটা খুব শিগগিরই শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে—তাই খেলোয়াড়দের সেদিকেই কনসেনট্রেশন।’

টানা দুই বছর আগে থেকেই নির্ধারিত সিরিজ আয়োজিত না হলে ভারত-পাকিস্তানের মতোই ক্রিকেটে বাংলাদেশ-ভারত বৈরী সম্পর্ক তৈরি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ