স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব আল হাসান; আমিনুল হক
সাকিব আল হাসান; আমিনুল হক | ছবি: এখন টিভি
1

সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের তারকা ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, সরকার যদি তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরবেন। আদালতের বিচারসহ যে প্রক্রিয়াই থাকুক, সবকিছুর মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তার এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই।

আজ (শুক্রবার, ৭ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মনে করছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’

‎আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এর পর থেকেই তাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়।

এসএইচ