টেস্টের পর ওয়ানডেতেও হতাশার বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। তাই শেষ ম্যাচে লক্ষ্য অন্তত একটি জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো।
তবে সিরিজের শেষ ম্যাচের আগে দলে এসেছে পরিবর্তন। প্রথম ওয়ানডেতে চোট পাওয়া মুস্তাফিজুর রহমান ছিটকে গেছেন সিরিজ থেকে। তার জায়গায় পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রত্যাবর্তন বোলিং আক্রমণে নতুন ভারসাম্য আনবে বলেই আশা টিম ম্যানেজমেন্টের।
আরও পড়ুন:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মুস্তাফিজুর রহমান ফার্স্ট ওডিআইতে বোলিং করার সময় রাইট হ্যামস্ট্রিংয়ের একটা কমপ্লেইন নিয়ে উঠে আসছে। পরবর্তীতে আমরা ৭ তারিখে ওকে একটা স্ক্যান করানো হয়েছে। স্ক্যানে ওর গ্রেড ওয়ান মাসল টিয়ার আসছে রাইট হ্যামস্ট্রিংয়ে। আমরা এক্সপেক্ট করতেছি এটা এপ্রক্সিমেটলি ফোর উইকসের আশেপাশে একটা টাইম ফ্রেম লাগবে ঠিক হইতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে। গিয়ে রিহ্যাব করবে।’
অন্যদিকে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ রয়েছে টাইগার শিবিরে। তানজিদ হাসান ও তাওহীদ হৃদয় ফিফটি করলেও কেউ ইনিংস শেষ পর্যন্ত টেনে নিতে পারেননি। সেই ভুল শুধরে শেষ ম্যাচে ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়ার লক্ষ্য বাংলাদেশের।
দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত জিম্বাবুয়ে অবশ্য চাইবে ২৫ বছর পর সফরকারীদের ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করতে। হারারের কন্ডিশন কাজে লাগিয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখাই স্বাগতিকদের মূল লক্ষ্য। একই পেস ও বাউন্স সহায়ক উইকেটে টস আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাংলাদেশ সময় শনিবার দুপুর দেড়টায় হারারেতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।




