ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত দেশে উন্মাদনা ছিলো স্পেন-বেলজিয়াম নিয়েও। প্রিয় দলের জয়োল্লাসে মেতে উঠতে আষাঢ়ের বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আসেন ফুটবল ভক্তরা।
শিরোপা ছোঁয়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। ২-১ ব্যবধানে হেরে আরও চার বছরের অপেক্ষায় বেলজিয়াম। আর ভক্তদের এই উল্লাস ও মন খারাপের সাক্ষী বৃষ্টিস্নাত টিএসসি।
৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ চারে স্পেন। কারো গায়ে জার্সি, কারো হাতে পতাকা—সমর্থকদের জয়োল্লাসে প্রাণবন্ত টিএসসি।
স্পেনের একজন সমর্থক বলেন, ‘সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ ফ্রান্স, খুব ভাল খেলতেছে। আমরাও ইউরো চ্যাম্পিয়ন। আমরা আশাবাদী ফ্রান্সের সঙ্গে খুব ভালো খেলবো এবং ফ্রান্সকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো ইনশা আল্লাহ।’
আরও পড়ুন:
অন্য একজন বলেন, ‘স্পেন সেমিফাইনাল না ফাইনাল শিওর এরা খেলবে। আর এমনকি আমি চাইছিলামও এরা ফাইনাল পর্যন্ত যাক। আজকে তো সেমিফাইনাল শিওর হয়ে গেছে।’
তবে সেমিফাইনালে ইউরো জয়ীদের কঠিন পরীক্ষা নেবে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স। তাই স্পেনকে এমবাপ্পে-ডেম্বেলেদের বিরুদ্ধে নির্ভুল ফুটবল খেলতে দেখতে চান সমর্থকরা।
দর্শকদের মধ্যে একজন বলেন, ‘কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যতটুকু খেলা দেখছি, খুব ভালো। আশা করি ফাইনাল খেলবে এবং স্পেনের কাপ নেয়া সম্ভাবনা ৮০ শতাংশ।’
অন্য একজন বলেন, ‘স্পেনের ছন্দময় ফুটবল এবং পাসিং অ্যাকুরেসি ভালো, কিন্তু ফ্রান্সে হচ্ছে অ্যাটাকিংটা ভালো। তো আসলে বলা যাচ্ছে না, তবে আশাবাদী যে স্পেন অবশ্যই জিতবে।’
এরইমধ্যে ফাইনাল নিয়ে ভাবছেন স্পেন সমর্থকরা; প্রতিপক্ষ হিসেবে চান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
স্পেনের একজন সমর্থক বলেন, ‘আমরা চাচ্ছি আর্জেন্টিনার সঙ্গে ফাইনালটা খেলতে, ফ্রান্সকে হারিয়ে। মানে বড় একটা আশা। ফাইনালিসিমা যেহেতু হয় নাই, এটা তো আশা করতেই পারি আমরা ফাইনালিসিমার ক্ষেত্রে এইটা।’
এদিকে বুধবার ডালাসে স্পেনের ফাইনালে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।




