নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করলেও পরের ম্যাচ জিতে কামব্যাক করেছে বাংলাদেশ। যেখানে বোলারদের কৃতিত্বই ছিলো বেশি।
ছোট টার্গেট বরাবরই দুর্দান্ত তানজিদ তামিম তবে বড় টার্গেটে সেভাবে কথা বলে না এ টাইগার ওপেনারের ব্যাট। জুনিয়র তামিম কীভাবে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠবেন তার সমাধান দিয়েছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমার মনে হয় ওর যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে। ও নিজেই সিদ্ধান্ত নিবে কীভাবে ব্যাটিং করতে হবে। ও একজন ম্যাচ উইনিং প্লেয়ার এবং যথেষ্ট কোয়ালিটি আছে। শটে যথেষ্ট কোয়ালিটি শটগুলো খেলে এবং ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার। নিজেকে যদি আরও সুন্দর করে প্রস্তুত করতে পারে, আমার মনে হয় সামনে দেশের জন্য আরও ভালো কিছু ইনিংস আমরা ওর থেকে পাবো বলে আশা করছি।’
আরও পড়ুন:
তবে চট্টগ্রামের রানফ্রেন্ডলি উইকেটে চ্যালেঞ্জ থাকেলেও সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগাররা তা উতরে যাবেন, এমনটাই বিশ্বাস সাবেক অধিনায়কের। তবে সেক্ষেত্রে ব্যাটারদের নিতে হবে বাড়তি দায়িত্ব।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যেকোনো সিরিজে প্রথম ম্যাচ জিতলে টিম মেন্টালি অনেক বুস্টআপ থাকে। সেই জায়গায় হয়তো ফার্স্ট ম্যাচটা পিছিয়ে গিয়েছে, তারপর সেকেন্ড ম্যাচটা ট্রেমেন্ডাসলি কামব্যাক করে। আমার মনে হয় যে কন্টিনিউয়াস এ প্রসেসে থাকলে সিরিজের থার্ড ম্যাচটা, ডিসাইডিং ম্যাচটাও ভালো কিছু দেখবো বলে আশা করছি।’
প্রায় সব ফরম্যাটেই মিডল অর্ডার নিয়ে ভুগছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপের আগেও মিডল অর্ডারই মিরাজদের বড় দুশ্চিন্তার জায়গা। তবে পাইপলাইনে উল্লেখযোগ্য কেউ না থাকায় আপাতত টপ-অর্ডারদের দিয়েই এ ঘাটটি পূরণ করতে চায় টিম ম্যানেজমেন্ট। অবশ্য আগামী কয়েকটি সিরিজের মধ্যেই সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করেন মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট হয়তো এ কয়েকটা সিরিজের মধ্যেই দলকে পুরোপুরি তৈরি করতে হবে। কারণ কাউকে তিনে খেলানো, কাউকে ছয়ে খেলানো বা পাঁচে খেলানো—টিম কম্বিনেশনটা পুরোপুরি এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এটা হয়তো চিন্তা-ভাবনা করতে পারে। এটা আমার ধারণা। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট ওইভাবে আগালে হয়তো বিশ্বকাপের আগে একটা সিরিজ বা দুইটা সিরিজ আগে পুরোপুরি স্কোয়াডটা রেডি করতে পারবে, ঠিক ওইভাবে এগোতে পারবে।’
তবে সব ছাপিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিতে আপাতত সাগরিকায় ৩ পয়েন্ট পেতেই মাঠে নামবে টাইগাররা।
