জুনের শুরুতে বিসিবি নির্বাচনের পরিকল্পনা তামিমের

তামিম ইকবাল
তামিম ইকবাল | ছবি: এখন টিভি
0

নির্ধারিত সময়সীমার আগেই বোর্ড নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, জুনের শুরুতেই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।

আজ (সোমবার, ২০ এপ্রিল) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম বলেন, বেঁধে দেয়া ৯০ দিনের সময় নিতে চান না তারা।

তামিম ইকবাল বলেন, ‘আমাদের ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। তার মানে এই নয় যে ততদিন অপেক্ষা করতে হবে। আমাদের প্রথম পছন্দ হলো জুনের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করা। যদি সেটি সম্ভব না হয় আমরা অবশ্যই দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সম্পন্ন করবো।’

আরও পড়ুন:

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী বোর্ড ভেঙে দেয়ার পর গঠিত বর্তমান ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বোর্ডের কার্যক্রম তদারকি এবং সময়মতো নির্বাচন আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে বল বয় পুনরায় চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তামিম।

তিনি জানান, অন্যান্য দেশে প্রচলিত এই প্রথাটি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছিল।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে তামিম জানান ১৯৯৮ সালে চট্টগ্রামে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের একটি ম্যাচসহ বেশ কয়েকটি ম্যাচে বল বয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।—বাসস

এসএস