নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল আলম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অবশেষে সে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেলেন অভিযুক্ত মঞ্জু।
আরও পড়ুন:
রাতে আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঞ্জুকে শাস্তির দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে, এখন থেকে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ধরনের কাজে যুক্ত করা হবে না তাকে। শুধু তাই নয়, দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত সবধরনের কর্মকাণ্ডে নিষিদ্ধ হয়েছেন মঞ্জুরুল।
এর আগে জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে করা স্বাধীন কমিটি গত ৪ ফেব্রুয়ারি প্রাথমিকভাবে মঞ্জুরুলের বিপক্ষে তদন্ত রিপোর্ট দেয়। যেখানে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা।
সাক্ষাৎকারের পর জাহানারা আলম যে লিখিত অভিযোগ দেন তাতে বিসিবির নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের নামও উঠে আসে। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, তৌহিদের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি।




