Recent event

পাকিস্তান-ভারত ম্যাচ ইস্যুতে নতুন মোড়, শর্তসাপেক্ষে খেলার ইঙ্গিত

ভারত, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির লোগো
ভারত, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির লোগো | ছবি: এখন টিভি
0

টি-২০ বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে নাটকীয় মোড়। আইসিসি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইঙ্গিত মিলেছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট শর্ত মানা হলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারে তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুতে বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে দীর্ঘ আলোচনার পর সমঝোতার পথে এগোনোর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

পাকিস্তান ক্রিকেট বোর্ডে এরইমধ্যে আইসিসির সঙ্গে একাধিক দফা আলোচনার পর সরকার ও প্রধানমন্ত্রীর কাছ থেকে আরও দিকনির্দেশনা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবির স্পষ্ট অবস্থান এ সিদ্ধান্ত পুরোপুরি সরকারের হাতে।

সূত্রমতে,সংকট নিরসনে পাকিস্তান আইসিসির কাছে বার্ষিক আয় বৃদ্ধিসহ কয়েকটি শর্ত উত্থাপন করে। বাংলাদেশের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব দেয়া। একই সঙ্গে আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে খেলাধুলার চেতনার পরিপন্থি আচরণ এড়ানোর আশ্বাসও দিয়েছে।

আরও পড়ুন:

লাহোরে গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে প্রায় চার ঘণ্টাব্যাপী আইসিসি, পিসিবি এবং বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং ভিডিও লিংকের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রতিনিধি।

শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বিশেষভাবে লাহোর সফর করে আলোচনায় অংশ নেন।

সব মিলিয়ে, পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সবার নজর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

এফএস