Recent event

ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তায় বিপাকে আইসিসি, ‘বিলিয়ন ডলার’ ক্ষতির আশঙ্কা

ভারত, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির লোগো
ভারত, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির লোগো | ছবি: এখন টিভি
0

ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বাতিলের হুমকিতে আইসিসি এখন খাদের কিনারায়। শুধু একটি ম্যাচ না হওয়ার কারণে বিশ্ব ক্রিকেটের লভ্যাংশ থেকে মুছে যেতে পারে ৫০০ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার কোটি টাকা। তাই কোটি কোটি ভক্তের আবেগের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে ‘বিলিয়ন ডলার’ ক্ষতির হিসাব। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানে উঠে এসেছে এমনই তথ্য।

ক্রিকেট কি তবে দেউলিয়া হওয়ার পথে?—দ্যা গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের পর হয়তো ক্রিকেট ভক্তদের মনে এ প্রশ্নই ঘোরপাক খাচ্ছে।

ভারত-পাকিস্তান ম্যাচ কেবল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, হাইভোল্টেজ এ ম্যাচটিকে বলা যায় আইসিসির ‘আয়ের অক্সিজেন’।

ফেব্রুয়ারির ১৫ তারিখ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আসরের সবচেয়ে দামী লড়াই। কিন্তু বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান সরকারের অনড় অবস্থানে ভেস্তে যেতে বসেছে সব পরিকল্পনা।

সংশ্লিষ্টদের মতে, আইসিসি এবং ব্রডকাস্টার জায়ান্ট জিওস্টারের মধ্যে যে ৩ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে, তার দুই-তৃতীয়াংশ মূল্যই আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। অর্থাৎ, পাকিস্তান মাঠে না নামলে আইসিসিকে এক ধাক্কায় প্রায় ৩৬৭ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৬ হাজার কোটি টাকা ফেরত দিতে হবে।

এ বিশাল অঙ্কের ক্ষতি কেবল আইসিসির খাতায় সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে একটি চেইন রিয়্যাকশনের মতো।

আরও পড়ুন:

প্রথমত, জিওস্টারের সঙ্গে বর্তমান চুক্তিটি আগামী বছরই শেষ হচ্ছে। বর্তমান অচলাবস্থা বজায় থাকলে পরবর্তী মেয়াদে চুক্তির অঙ্ক নাটকীয়ভাবে কমে যাবে।

দ্বিতীয়ত, আইসিসির আয়ের ওপর নির্ভরশীল নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের মতো বোর্ডগুলোর আয়ের ৭০ শতাংশই আসে এ তহবিল থেকে। এ ঘাটতি বিশ্ব ক্রিকেটের ছোট শক্তিগুলোকে কার্যত পঙ্গু করে দিতে পারে।

এমনকি খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডও বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, যা তাদের ঘরোয়া ক্রিকেটের অস্তিত্বকে বিপন্ন করবে।

পর্দার আড়ালে আইসিসির ডেপুটি চেয়ার ইমরান খাজা এবং মুবাশির উসমানি আপ্রাণ চেষ্টা করছেন এ আর্থিক বিপর্যয় ঠেকাতে। যদিও আইসিসি প্রধান জয় শাহ পুরো প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন।

অবশ্য শাস্তি হিসেবে পাকিস্তানের পয়েন্ট কাটা বা জরিমানার চেয়েও বড় আতঙ্ক এখন ব্রডকাস্টারদের সঙ্গে আইনি জটিলতা। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে বল মাঠে না গড়ালে, তা হবে আধুনিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল রাজনৈতিক সংঘাত।

বিশ্ব ক্রিকেট কি পারবে প্রায় ৬ হাজার কোটি টাকার এ ধাক্কা সইতে? উত্তর জানতে হয়তো ক্রিকেট বিশ্ব ‘চাতক পাখির চোখে’ তাকিয়ে থাকবে আগামী সপ্তাহের কলম্বো বৈঠকের দিকে।

এসএইচ