চারবারের চ্যাম্পিয়ন, দলে প্রতিভার অভাব নেই খুব একটা। এখনো জার্মানি নামটাই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরায়। তবুও, গেল দুই বিশ্বকাপ আসরে গ্রুপপর্বই পার হতে পারেনি ডাই মানশ্যাফটরা।
তরুণ প্রজন্মকে নিয়ে আরও একবার বিশ্বকাপে নিজেদের মেলে ধরায় প্রত্যয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছে জার্মানি। আজ (রোববার, ১৪ জুন) রাতে সেই লক্ষ্যে প্রথমবার মাঠে নামছে ইয়ুশুয়া কিমিখের দল।
গ্রেটেস্ট শো অন আর্থে সাম্প্রতিক সময়টা একেবারেই পক্ষে নেই জার্মানির। শেষ দুই আসরেই প্রথম ম্যাচে হার দেখেছিলো তারা। জার্মানির সবশেষ ক্লিনশিট এসেছিলো আর্জেন্টিনার বিপক্ষে ২০১৪ আসরের ফাইনালে।
বিব্রতকর এক রেকর্ডের পরেও কিমিখ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ কিংবা নিকোলাস ভোল্টমেটদের নিয়ে নতুন শুরুর অপেক্ষায় আছে তারা। আমেরিকা মহাদেশের প্রতিপক্ষের বিপক্ষে ১৭ ম্যাচে ১৪ জয়ের দারুণ পরিসংখ্যান তাদের সঙ্গী।
আরও পড়ুন:
প্রতিপক্ষ কুরাসাও বিশ্বকাপে আসছে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে। নবাগত দলটি বড় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দেয়ার ব্যাপারে প্রত্যয়ী। দুই দলের ম্যাচ শুরু রাত ১১টায়
রাতের আরেক ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। সময়ের অন্যতম সেরা একাদশ নিয়ে খেলতে নামবে রোনাল্ড কোম্যান শিষ্যরা। ডেনজেল দামফ্রিস, ভার্জিল ভ্যান ডাইক, ভ্যান ডি ভেন, গ্রাভেনবাখ, তিজানি রেইন্ডার্সরা যেকোনো দিনেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি।
বিশ্বকাপ ইতিহাসে ৩ ফাইনাল খেলে ৩ বারই হারতে হয়েছে ডাচদের। ভাগ্যটা বদলানোর মিশন তাদের সামনে। যদিও পর্যাপ্ত স্ট্রাইকার না থাকা দলের জন্য বড় সংকট। জাপানের বিপক্ষে তাদের ম্যাচ শুরু রাত ২টায়।





