Recent event

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাংবাদিক সঙ্গে আলাপকালের ক্রীড়া প্রতিমন্ত্রী
সাংবাদিক সঙ্গে আলাপকালের ক্রীড়া প্রতিমন্ত্রী | ছবি: এখন টিভি
0

নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকালে এনএসসিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। পাশাপাশি সব খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আমিনুল হক।

দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনায় ব্যস্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তারই অংশ হিসেবে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

সভায় দেশের ক্রীড়ার উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরেন ক্রীড়া সাংবাদিকরা। মতবিনিময় শেষে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমাদের উপজেলা ও জেলা পর্যায়ে কীভাবে খেলাধুলাকে নিয়মিত ধরে রাখতে পারি। আর সেই খেলাগুলো কীভাবে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারি এবং আমাদের সারা বছর বা প্রতি মৌসুমে যে বিষয়টা রয়েছে অর্থাৎ গ্রীষ্ম ও শীতকালীন খেলাধুলা সেভাবেই আমাদের বাৎসরিক ক্যালান্ডারকে সাজাবো।’

নতুন শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভূক্ত করার সুদুরপ্রসারী পরিকল্পনার কথা জানান আমিনুল হক। শিক্ষাক্রমে কোন কোন ইভেন্টকে গুরুত্ব দেয়া হবে তাও জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমাদের জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই।  ফুটবল ক্রিকেট ও হকি থেকে শুরু করে যেসব ইন্ডিভিজুয়াল খেলাগুলো রয়েছে যেগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাফ গেমস, এশিয়ান গেমস বা ভবিষ্যতে অলিম্পিক্সে ভালো কিছু করার কর্ম পরিকল্পনা বা স্বপ্ন রয়েছে, সেগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি।’

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে নিজেদের পরিকল্পনার পাশাপাশি বাবা-মাকে আগ্রহী করার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেটা নিয়েও আলাপ করছি, আমরা প্রত্যেক খেলোয়ারকে বেতন কাঠামোর আওতাধীন হওয়ায় নিশ্চিত করতে চাই। আমি চাই প্রতিটি বাবা-মা যেন তার সন্তানকে খেলোয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন।’

খেলাধুলার উন্নয়নে সরকারের ক্রীড়া নীতিতে পরিবর্তন আনার পাশাপাশি সাংবাদিকদের দেয়া নানা পরামর্শ কাজে লাগানোর বার্তা দেন আমিনুল হক।

এএম