মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির | ছবি: জামায়াতের ফেসবুক পেজ
1

রাজধানীর মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৮টায় তিনি ঈদুল ফিতরের নামাজ পড়েন।

নামাজ শেষে শফিকুর রহমান বলেন, ‘আজকের এ দিনটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি নিয়ামত। আমরা যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে।’

ঈদযাত্রার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদ আসলে শহরে, নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে ছুটতে থাকে। সেসময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না, ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে।’

জামায়াত আমির বলেন, ‘সরকারের মন্ত্রী এই বিভাগের যেসব কথা একেকসময় একেকটা বলেছেন, আমরা জাতি হিসেবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত, অনুতপ্ত কি না। স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়। কিন্তু সেই টাকাটাই যাদ ভাড়ায় সব শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দই তো ম্লান হয়ে যায়। এটা অমানবিক, এটা আসলেও একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এটার নিন্দা জানাই।’

এসএস