মালয়েশিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি দল ঘোষণা বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

দু’টি টি–টুয়েন্টি আর তিনটি ৫০ ওভারের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সিরিজের দু’টি টি–টুয়েন্টি ম্যাচের জন্য আজ সেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এসএম মেহরব হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের হাই পারফরম্যান্স দলের কয়েকজন ক্রিকেটারের আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা।

এই তালিকায় রয়েছেন ৩৪ বছর বয়সী সাব্বির রহমান, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার ও রাকিবুল হাসান। ২০২৩ সালের এশিয়ান গেমসে শেষবার মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের কোনো দল।

বাংলাদেশের দুই রানে জেতা সে ম্যাচটিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের একমাত্র সাক্ষাৎ। সেবার বাংলাদেশ দলে ছিলেন এবারের এইচপি দলে থাকা শামীম আর রাকিবুলও।

৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুটি টি–টুয়েন্টি ম্যাচ। ১২, ১৪ ও ১৬ আগস্ট তিনটি ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।

এসএস