Recent event

রাঙামাটিতে বিজয়ী দীপেন দেওয়ান, জামানত হারিয়েছেন ৬ প্রার্থী; জিতেছে ‘না’ ভোট

রাঙামাটি আসনের প্রার্থীরা
রাঙামাটি আসনের প্রার্থীরা | ছবি: এখন টিভি
0

রাঙামাটির একমাত্র ২৯৯ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ৭০ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। পেয়েছেন দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট। কিন্তু প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থীর মধ্যে ছয় প্রার্থীই আসনটিতে প্রদত্ত মোট ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় হারিয়েছেন তাদের জামানত। একইসঙ্গে গণভোটে ‘না’ ভোট পড়েছে প্রায় এক লাখ ৮০ হাজার।

নির্বাচন কমিশন আইন অনুযায়ী ‘নির্বাচনি নিরাপত্তাজনিত’ সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জামানত হিসেবে প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা জমা রাখতে হয়। এ অর্থ ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হয়। জামানত বাজেয়াপ্তের শর্তমতে- একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

এবার রাঙামাটি আসনে মোট পাঁচ লাখ নয় হাজার ২৬৭। তবে ভোট পড়েছে দুই লাখ ৭৪ হাজার ১৮টি। বাতিল ভোট ১০ হাজার ১৫২টি। কাস্ট-এর হার ৫৪.০৭ শতাংশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জামানত রক্ষায় এই ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ অর্থাৎ ন্যূনতম ৩৪ হাজার ২৫৩ ভোটের প্রয়োজন। কিন্তু প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর কেউ এ শর্ত পূরণ করতে সক্ষম হননি। এই প্রার্থীরা পেয়েছেন ৪৪৯ থেকে সর্বোচ্চ ৩১ হাজার ১৪২ ভোট।

এর মধ্যে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) সর্বোচ্চ ৩১ হাজার ১৪২ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা) ২২ হাজার ৭১৫ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।

আরও পড়ুন:

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা) তিন হাজার ৬৭২ ভোট নিয়ে চতুর্থ, জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) দুই হাজার ৯৭৪ ভোটে পেয়ে হয়েছেন পঞ্চম। আর আসনটির একমাত্র নারী প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল) এক হাজার ৭০ ভোট পেয়ে ষষ্ঠ আর গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক) পেয়েছেন সাকুল্যে ৪৪৯ ভোট। এমন ফলাফলে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই ছয় প্রার্থীই হারিয়েছেন তাদের জামানত।

এদিকে গণভোট পড়েছে দুই লাখ ৭৩ হাজার ৮০০টি। এর মধ্যে ‘না’ ভোট এক লাখ ৭৯ হাজার ৮০৫টি। আর ‘হ্যাঁ’ ভোট ৭১ হাজার ৭১৯টি। বাতিল হয়েছে ২২ হাজার ২৭৪টি। আবার পাঁচ হাজার ৩৬০টি পোস্টাল ব্যালটের মধ্যে ভোট দিয়েছেন চার হাজার চার জন। বাতিল হয়েছে ৬৮০টি। এরমধ্যে হ্যাঁ ভোট দুই হাজার ৪৬২ এবং না ভোট ৮৬২টি।

আসনটিতে একটি পোস্টাল ব্যালটকেন্দ্রসহ মোট ২১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭০টি। এর মধ্যে ২০টি দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্র।

এসএস