Recent event

‘ভোটারদের টাকা বিতরণ’: সূত্রাপুরে জামায়াত নেতার কারাদণ্ড

সাজা হওয়া হাবিবুর রহমান
সাজা হওয়া হাবিবুর রহমান | ছবি: সংগৃহীত
8

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াতে ইসলামীর নেতাকে আটকের পর দুদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া হাবিবুর রহমান (৬৩) সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে আটক করা হয় বলে সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানিয়েছেন।

ওসি বলেন, ‘হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।’

তবে কত টাকা পাওয়া গেছে, সেই তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি ওসি।

আরও পড়ুন:

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতি কালে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে করে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন আরিফুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হলো হাবিবুর রহমান।

এসময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ছয় হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ বলেন, ‘কিছু ব্যক্তিকে টাকা দেয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের সাজা দেন। আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে তিনি দাবি করেছেন, পোলিং এজেন্টদের চা-নাস্তা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।’

এসএস