মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
2

মব অনেকাংশেই সরকার নিয়ন্ত্রণে এনেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবি সেক্টর কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনের পর প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ও ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেয়া হচ্ছে। এর ফলে সীমান্তে অপরাধ কমে আসবে।’

তিনি বলেন, ‘সীমান্তের দুর্গম এলাকায় জনবল দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা কঠিন। তাই থার্মাল ও নাইট-মিশন সক্ষম ড্রোন ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হবে।’

বিজিবির নতুন প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠাকে দেশের ইতিহাসে অনন্য ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মেধা, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়তে বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রম বাড়ানো হচ্ছে।’

আরও পড়ুন

ড্রোন ও ডিজিটাল সার্ভেইল্যান্স প্রযুক্তি পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি ভবিষ্যতে এ সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। বর্ডার আউটপোস্ট, বিজিবি সদর দপ্তর ও আঞ্চলিক কমান্ড পর্যায় থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করা হবে।

বিজিবির জন্য নিজেদের ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভবিষ্যতে এটি দেশের জন্য একটি প্রতিরক্ষা শিল্প হিসেবে গড়ে উঠতে পারে।’

দুর্যোগকালেও ড্রোন কার্যকর ভূমিকা রাখতে পারে জানিয়ে তিনি বলেন, ‘দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো ও উদ্ধার কার্যক্রমে এসব প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। বিজিবির সদস্যরা ইতোমধ্যে এ ধরনের কাজে ড্রোন ব্যবহার করেছেন।’

আরও পড়ুন

মন্ত্রী জানান, বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রম মূলত বিজিবির সদস্যদের জন্য পরিচালিত হবে। ভবিষ্যতে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী বেসামরিক জনগণকেও প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা যেতে পারে।

অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

এছাড়া বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

জেআর