খামেনি হত্যা: সরকারকে সংসদে নিন্দা প্রস্তাবের আহ্বান জামায়াতের

জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
জামায়াতের বিক্ষোভ কর্মসূচি | ছবি: সংগৃহীত
0

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডে সরকারের পক্ষ থেকে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

খামেনিসহ দেশটির সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে আজ (রোববার, ১ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জামায়াত নেতারা।

বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘এ হামলা ইরানের বিরুদ্ধে নয়, এ হামলা মানবতার বিরুদ্ধে, গনতন্ত্রের প্রতি শান্তিকামী মানুষের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘জাতিসংঘ কয়েকটি দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, তারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ। বিক্ষোভে জামায়াত নেতৃত্বরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান, বলেন, পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইজরাইল এ ধরনের হামলা বন্ধ করতে বাধ্য হবে।

আরও পড়ুন:

এসময় চুয়াডাঙ্গার জীবননগরে দুর্বৃত্তদের হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনায়ও নিন্দা ও প্রতিবাদ জানান দলটির নেতারা।

তারা বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী পরাজিত হলেও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে ফল মেনে নেয়া হয়েছে। তারা হুঁশিয়ারি দেন, হাফিজুর রহমান হত্যার সুষ্ঠু বিচার না হলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াত।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘হামলা ও হত্যার মাধ্যমে কেউ দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে করুণ পরিণতি ভোগ করতে হবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে না দিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।’ একই সঙ্গে অবিলম্বে হাফিজুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

এসএইচ