Recent event

সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক—হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল

কথা বলছেন মির্জা ফখরুল
কথা বলছেন মির্জা ফখরুল | ছবি: এখন টিভি
0

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। এ সময় অধিকার আদায়ের জন্য তাদের নিজের পায়ের ওপর দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের এ কথা জোড় দিয়ে বলতে চাই-আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে এটার সাহস কেউ যেন না পায়।’

এসময় সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কে কে সংস্কার চায়, কে কে চায় না; যারা চায় তারা বলবে “হ্যাঁ”, আর যারা চায় না তারা ‘‘না’’ বলবে।’

বিএনপি সংস্কার চায় মন্তব্য করে ফখরুল বলেন, ‘আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক, চাই না? চাই তো। আমার দেশ এক ব্যক্তির শাসনে নষ্ট না হোক, আগের মত ফ্যাসিস্ট না হোক। জবাবদিহিতা থাক। এটিকেই আমরা বলছি “হ্যাঁ” ভোট।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আপনাদের দুইটা ব্যালট দেয়া হবে; একটাতে থাকবে এমপির ভোট, আরেকটা গণভোটের। তুমি সংস্কার চাও কি চাও না? আপনি যদি সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না ভোট দেন তাহলে হবে না। তাহলে তো আবার পেছনে পড়ে যাবো। এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটে সিলটা মারবো।’

মির্জা ফখরুল বলেন, ‘এ ভোটে সিদ্ধান্ত হবে, এই বাংলাদেশটা কী আগের মত চলবে, নাকি নতুনভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান ইয়াং তরুণ, টগবগে যুবক। সবাই দেখেছেন তো। যে প্রধানমন্ত্রী হবে তাকে আমার চাই একজন তরুণ। যে নতুন চিন্তা-ভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে।’

তিনি বলেন, ‘একটা জিনিস সব সময় মনে রাখবেন; আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সব সময়। অতীতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর এখানে আমার ভাইয়েরা আছে, তারা সবাই আপনাদের পাশে আছেন।’

এফএস