Recent event

নির্বাচনে সবার আন্তরিকতা ছিল: এহসানুল মাহবুব

এহসানুল মাহবুব জুবায়ের
এহসানুল মাহবুব জুবায়ের | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আন্তরিকতা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে দলটির প্রধান কার্যালয় মগবাজারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষা, জাতীয় এ নির্বাচন ও জাতীয় এ উৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সকালে বলেছিলাম, দীর্ঘ প্রত্যাশার এ নির্বাচন, পুরো জাতি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে। যেহেতু গত তিনটি নির্বাচন ২০১৪,১৮ ও ২৪ এ এই জাতির আশা, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বরং নির্বাচন ব্যবস্থাকে ফ্যাসিবাদী সরকার ধ্বংস করেছিল। এ ধ্বংসস্তূপের ওপর ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে, অন্তর্বর্তী সরকারের তিনটি অগ্রাধিকার ছিল। এর মধ্যে ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। এ নির্বাচন আজ অনুষ্ঠিত হলো, এর ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আজ সুযোগ পেয়েছেন, সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের কমিটমেন্ট ছিল, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল। তারা সে কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন, দেশবাসী সেটার সাক্ষী দেবেন।’

আরও পড়ুন:

নির্বাচনে সবার আন্তরিকতা ছিল বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, ‘আমরা মনে করি যে, এ নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছে। এ চেষ্টার ফসল হিসেবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে। যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও অনেকগুলো আসনে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে, শরীয়তপুর-২, কুমিল্লা-৮, পটুয়াখালী-১ আসনসহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে আমাদের প্রার্থীদের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।’

এসএস