Recent event

প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শেষ; ইসির ভোট নেয়ার প্রস্তুতিও সম্পন্ন

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রচার কার্যক্রম শেষ হয়।

এর মধ্যে দেশব্যাপী ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মালামাল সংগ্রহ ও ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করবেন।

এছাড়া দুর্গম অঞ্চলগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছাতে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থাপনা।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন:

কেন্দ্রের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে চালানো যাবে না কোনো প্রকার প্রচারণা।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। সবমিলিয়ে ভোটের মাঠে প্রার্থী দুই হাজার ৩৪ জন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার।

নির্বাচনি প্রচার শেষ হওয়ার মধ্য দিয়ে এখন পুরো মনোযোগ ভোটগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার দিকেই।

এসএস