দেশে প্রতিটি ইউনিয়ন-স্কুলে খেলার মাঠ করবে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

বক্তব্য রেখেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান
বক্তব্য রেখেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রত্যক স্কুলে একটি করে মাঠ এবং স্কুলের বাইরে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ করার প্রকল্প হাতে নিয়েছে, যাতে ছেলে-মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকে। তাহলে নেশা তাদেরকে স্পর্শ করবে না।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১৬২জন বৃত্তি প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুষ্টের দমনে কঠোর হতে হবে। আমি কাউকে চিনি না, যে ভালো তার সঙ্গে আমি আছি। আমার সমস্ত প্রশাসন থাকবে; আমি আছি, আমার সমস্ত ভালোবাসা থাকবে। যে খারাপ, সে আমার ভাই-আত্মীয় ও বন্ধু-প্রতিবেশী যেই হোক, আমি তাকে চিনি না। তার প্রতি প্রশাসন নিষ্ঠুর হবে, আইন তার প্রতি কঠোর হবে।’

আরও পড়ুন:

আহমেদ আযম খান বলেন, ‘আমার দেশটা গরীব। এই গরীব দেশের মধ্য থেকেই ১৮ বছরে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুট করে এই দেশটাকে আরও ভঙ্গুর করে দিয়েছে। সেজন্যে আপনাদেরকে আমরা যথাযথ বেতন দিতে পারি না। তারপরেও যেটুকু পারি, অন্তত বেতন তো পান, ঘি-ভাত না হলেও ডাল-ভাত তো খান! আপনার দায়িত্ব ও কর্তব্য— যে স্কুল-কলেজে শিক্ষকতা করেন, সেটাকে অনেক উন্নত করা, লেখাপড়ার মানকে উন্নত করা।’

তিনি বলেন, ‘বাসাইলের একটা সন্তান যেন বখাটে না হয়, বাসাইলে যেন কোনো কিশোর গ্যাং তৈরি না হয়। ওসি সাহেব আছেন, আমি আপনাকে বলবো, বাসাইলে যেন কোনো কিশোর গ্যাং বা ছিনতাইকারী গ্যাং তৈরি না হয়। বাসাইলে যেন কোনো রকমের চুরি, ডাকাতি, রাহাজানি সংঘটিত না হয়।’

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ১৬২ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ, মেধা ক্রেস্ট, কলেজ ব্যাগসহ নানা উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

এসএইচ