গাজী নজরুল কাণ্ড: এমপিদের নৈতিক আচরণবিধি চায় টিআইবি

টিআইবির লোগো
টিআইবির লোগো | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একের পর এক অভিযোগ ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ‘অস্বাভাবিক মৃত্যুর’ ঘটনায় সংসদ সদস্যদের জন্য অবিলম্বে বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি বলেছে, মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে সরকারি কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছিল গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। পরে তিনি মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করে। বর্তমানে মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে চার দিনের রিমান্ডে আছেন তিনি।

এ অবস্থায় গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। একইসঙ্গে মরিয়মের মৃত্যুর ঘটনা এবং এর আগে ওঠা সেক্সটরশন বা যৌন ব্ল্যাকমেইলের অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। তবে সংসদ ও অন্যান্য সংসদ সদস্যদের জন্য মর্যাদাহানিকর কোনো পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তির জবাবদিহির ব্যবস্থা থাকা প্রয়োজন।

আরও পড়ুন:

তিনি বলেন, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দলীয় তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে, পদ ও প্রভাব ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে এবং এখন দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় তিনি গ্রেপ্তার ও রিমান্ডে আছেন। এ পরিস্থিতিতে তার সংসদীয় অবস্থান নিয়ে কী ব্যবস্থা নেয়া হচ্ছে, তা জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনকে স্পষ্ট করার দাবি জানান তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ফৌজদারি দায় নির্ধারণ করবে আদালত। তবে সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার প্রশ্নে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সংসদের। তিনি এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে সংবিধানের বর্তমান বিধান তুলে ধরে টিআইবি বলেছে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড না হলে শুধু অভিযোগ, গ্রেপ্তার, রিমান্ড বা দলীয় তদন্তের সিদ্ধান্তের কারণে সংসদ সদস্য পদ সাংবিধানিকভাবে বাতিল হয় না। সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদে এ ধরনের অযোগ্যতার বিধান রয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এই আইনগত সীমারেখাকে নৈতিক স্খলনের রক্ষাকবচে পরিণত করা উচিত নয়। গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেয়া হবে, তা সুস্পষ্ট করতে হবে।

আরও পড়ুন:

জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি দীর্ঘদিনের বলেও জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে, ২০১০ সালে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট কনডাক্ট বিল, ২০১০’ সংসদে উত্থাপিত হলেও তা আইনে পরিণত হয়নি। পরবর্তী সময়ে রাষ্ট্রসংস্কারের বিভিন্ন প্রস্তাবেও সংসদ সদস্যদের জন্য পৃথক আচরণবিধির প্রয়োজনীয়তা উঠে এসেছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জনপ্রতিনিধিদের নৈতিক স্খলনের বিভিন্ন ঘটনা আগে থেকেও প্রকাশিত হয়েছে। কিন্তু কার্যকর প্রতিকার দেখা যায়নি। তাই সমস্যা চিহ্নিত হওয়ার পরও সমাধানের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না কেন, সেই প্রশ্নের উত্তর দিতে হবে।

এদিকে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এসএস