জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে: মাহদী আমিন

বক্তব্য রেখেছেন মাহদী আমিন
বক্তব্য রেখেছেন মাহদী আমিন | ছবি: টিআইবির ফেসবুক পেজ
0

জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। জ্বালানী সংকট মোকাবিলায় সবার সহযোগিতা আহ্বান করে তিনি বলেন, ‘এ সংকট রাতারাতি কাটানো সম্ভব নয়।’

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মাহদী আমিন দাবি করেন, গত সাত মাসে রাষ্ট্রের পরিচালনায় কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি, রাষ্ট্রের মদদে কোনো গুমও হয়নি; বরং সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘দীর্ঘদিনের ফ্যাসিবাদের শিকড় স্বল্প সময়ে পুরোপুরি উপড়ে ফেলা সম্ভব নয়।’

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে নির্বাচনি ইশতেহারের আলোকে কাজ হবে, নিশ্চিত করা হবে বাকস্বাধীনতা, প্রতিষ্ঠা করা হবে আইনের শাসন।’

তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘দেশে এখনো পুরোপুরি বাকস্বাধীনতা নিশ্চিত হয়নি।’

টিআইবির তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘গত সাত মাসে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ৫২টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।’ একই সময়ে ৫৮টি আটকের ঘটনাও ঘটেছে বলেও দাবি করেন তিনি।

এসএইচ