স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

ব্রিফ করেছেন ডা. জাহেদ উর রহমান
ব্রিফ করেছেন ডা. জাহেদ উর রহমান | ছবি: এখন টিভি
0

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ।

ডা. জাহেদ বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে সংসদ ও রাষ্ট্রপতি, এই ২টি নির্বাচন করতে পারে। অন্যান্য নির্বাচনে সরকারের সাথে কোলাবরেট করে থাকতে হয়। সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে নির্বাচন করবে। এটা কোনো সংঘাত নয়।’

তিনি বলেন, ‘এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল অংশ নিচ্ছে না; নির্বাচন করছে ব্যক্তিরা। কে কোন দল করছে, এটা কোনো ইস্যুই নয়।’

আরও পড়ুন:

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সম্পর্ক সহজীকরণের জন্য জুলাই গণঅভ্যুত্থানের সাজাপ্রাপ্তদের ফেরত দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বর্বরতার সঙ্গে জড়িতরা বিদেশে আরামের সঙ্গে জীবনযাপন করে এবং বাণী প্রসব করে, যা দেশের মানুষকে হার্ট করে।’

এছাড়া ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর মোবাইল ফোন ব্যবহার হয়—এটা অসত্য তথ্য বলেও উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্র কখনো ক্রিপ্ট-ট্রেডিংকে সমর্থন করে না। ক্রিপ্টো তৈরি হয়েছে স্টেটের অর্থকে বাইপাস করার জন্য।’

এদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যাপারে গৃহীত পদক্ষেপও বর্ণনা করেন ডা. জাহেদ। তিনি বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে পল্লী বিদ্যুৎ বোর্ড গত ১৪ দিনে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করেছে। ৬২৩টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডেসকো, নোসকোসহ অন্যান্য সংস্থাগুলো ৩৭৪টি অভিযান পরিচালনা করেছে।’

এসএইচ