প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ, ইউনিয়নে হবে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রী

কথা বলেছেন আমিনুল হক
কথা বলেছেন আমিনুল হক | ছবি: এখন টিভি
0

দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ (শুক্রবার, ৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি উদ্যোগে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড যেভাবে কাজ করছে, সরকারিভাবে স্বীকৃতি পেলে তারা আরও উৎসাহিত হবে। খেলাধুলার উন্নয়নে টেপ বল ক্রিকেটের জন্যও মাঠ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান।

এসময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় রোজার রাইডার্স কুষ্টিয়াকে ১২ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা বিজয়ী হয় টিম গ্যালাক্সি কুড়িগ্রাম।

এসএইচ