অপসাংবাদিকতা অবশ্যই পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

কথা বলেছেন সুলতান সালাউদ্দিন টুকু
কথা বলেছেন সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

অপসাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে। সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অপসাংবাদিকতা অবশ্যই পরিহার করতে হবে।’

আজ (শুক্রবার, ৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকাটি নতুন করে প্রকাশের দায়িত্ব নেয়া অত্যন্ত আনন্দের বিষয়। নতুন করে একটি সংবাদমাধ্যমের যাত্রা শুরু হচ্ছে। আমরা প্রত্যাশা করি, সময় তরঙ্গ ন্যায়ের ভিত্তিতে কাজ করবে।’

তিনি বলেন, ‘সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা হয়। মানুষ যাতে সঠিক পথে চলে এবং সমাজ যাতে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়ার ক্ষেত্রেও সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকতার ক্ষেত্রে যে কিছু অপসাংবাদিকতা রয়েছে, তা অবশ্যই পরিহার করা উচিত।’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবো না। কারও স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করবো না। আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করবো। তারাই তাদের নেতৃত্ব নির্বাচিত করবে। আমরা শুধু পরিবেশ তৈরি করে দেবো।’

আরও পড়ুন:

টাঙ্গাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই টাঙ্গাইল একটি বৃহৎ অঞ্চল। এই জেলা অনেক বিষয়ে সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী। গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। এই টাঙ্গাইলকে এগিয়ে নিতে হলে সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। অনিয়ম করার মানসিকতা পরিহার করতে হবে। এই টাঙ্গাইলকে গড়ে তুলতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশটি আমাদের, এই টাঙ্গাইলও আমাদের।’

সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, ঢাকার মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ