সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আজ সকাল ৭টা ৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দু’টি বাসের সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতদের মধ্যে আটজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজার মৃত্যু হয়। সে সিলেট নগরের চণ্ডীপুল এলাকার বাসিন্দা। নিহত ও আহতদের অধিকাংশই ইউনিক পরিবহনের যাত্রী।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাস দু’টি সরিয়ে নেয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
অন্যদিকে, বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত সাতজন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী এসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই ছয়জন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাইবান্ধার আমিরুল, নূর আলম, আব্দুস ছামাদ ও বেলাল। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়কে স্পিড ব্রেকারের দাবিতে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে, ঝিনাইদহের শৈলকুপায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বালুবাহী একটি ট্রাক ও ধানবোঝাই আরেকটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক তুফান দাস (সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের বাসিন্দা)। আহত হয়েছেন আরও দু’জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।




