মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

আসিফ নজরুল
আসিফ নজরুল | ছবি : সংগৃহীত
0

সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক থাকলেও, মুক্তিযুদ্ধ সংগঠিত করা এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে দলটিকে দুই দফা জনরোষের মুখে পড়তে হয়েছে, যার কারণ আওয়ামী লীগেরই আত্মসমালোচনার মাধ্যমে খুঁজে বের করা উচিত।

আজ (বুধবার, ৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল লেখেন, ‘আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক রয়েছে। তবু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এই দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল। তারপরও স্বাধীন বাংলাদেশে জনতার রুদ্ররোষে তাদের সমূলে উৎখাত হতে হয়েছে। একবার নয়, অন্তত দু’বার। কেন হয় এমন?’

তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের খুঁজে বের করা প্রয়োজন। তবে তার ধারণা, দলটি তা করবে না। কারণ, তাদের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মসমালোচনা বা অনুশোচনার জায়গা নেই।’

পোস্টে তিনি আরও লেখেন, তারা ৩২ নম্বরকে ভাবে বাংলাদেশ, শেখ পরিবারকে ভাবে বাংলাদেশের মালিক, আর মুক্তিযুদ্ধকে মনে করে ভিন্নমতকে নিশ্চিহ্ন করার লাইসেন্স। এই মানসিকতাই তাদের জুলুম ও দমন-পীড়ন চালানোর সীমাহীন দুঃসাহস জুগিয়েছে।

আরও পড়ুন:

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলেরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক লেখেন, আওয়ামী লীগের মতো সীমাহীন ক্ষমতার মালিকানাবোধ ও অনাচার করার আত্মবিশ্বাস অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে তিনি দেখেননি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎফুল্ল হতে পারেন। তবে এর অর্থ এই নয় যে আওয়ামী লীগ ফিরে আসবে।’ হাজারো মানুষ হত্যার এবং আরও বহু মানুষকে পঙ্গু করে দেয়ার অভিযোগের বিচার না হলে প্রয়োজনে আবারও রাজপথে নামবেন বলেও জানান তিনি।

আসিফ নজরুল লেখেন, প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব। আমিও নামব।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা মৃত্যুভয়কে জয় করেই বেঁচে আছি। যতদিন বেঁচে থাকব, বাংলাদেশের শিশু ও তরুণদের বুকে গুলি চালানো খুনিকে একবিন্দুও ভয় করব না, এক মুহূর্তের জন্যও ক্ষমা করব না। জুলাই আমাদের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়েই বাঁচব চিরদিন।’

এনএইচ