আ.লীগের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
1

খুন, গুম ও ‘আয়নাঘর’ প্রসঙ্গ তুলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, এসব ঘটনার পরও আওয়ামী লীগ ডিসেম্বরে দেশে ফিরতে চায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এলে আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে।’

আজ (বুধবার, ৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসেন, আমরাও দেখবো।’

তিনি বলেন, ‘খুন, গুম ও ‘‘আয়নাঘরের’’ মতো ঘটনার পরও আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।’ তাদের বিরুদ্ধে জনগণের অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘জুলাইয়ের প্রতীক আবু সাঈদের ছবি এবং খালেদা জিয়ার ছবি সেখানে না থাকায় হতাশ হয়েছি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জাতীয় অনুষ্ঠানে এমন হট্টগোল দুঃখজনক ও লজ্জার। জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা কাম্য নয়।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তাদের যদি অধিকার আদায়ের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে সেটি লজ্জাজনক।’

তিনি বলেন, ‘এই সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের জন্য কাজ করা।’

এফএস