ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

ভূমিকম্প মোকাবিলায় ‘জাতীয় টাস্ক ফোর্স’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, ‘সভায় ভূমিকম্প মোকাবিলায় একটি জাতীয় টাস্ক ফোর্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

‘ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করতে বলা হয়েছে।’

আরও পড়ুন:

বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডেটাবেইজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হবে।

দুর্যোগকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ‘ঢাকায় হিউম্যান স্টেইন এরিয়া (এইচএসএ)’ স্থাপন নিয়ে আলোচনা হয়েছে, বলেন উপ প্রেস সচিব।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান।

এসএস