উন্নয়ন প্রকল্পের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

এডিপির চলমান প্রকল্পের পর্যালোচনা সভা
এডিপির চলমান প্রকল্পের পর্যালোচনা সভা | ছবি: সংগৃহীত
0

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি সেগুলোর সর্বোচ্চ ব্যবহার ও কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

তথ্যমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর সর্বোচ্চ ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অধিকাংশ প্রকল্পে ঠিকাদার, প্রকৌশলী ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি অনৈতিক চর্চা পরিলক্ষিত হয়। এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জনগণের সচেতনতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। তারা সবকিছুই বোঝে এবং উন্নয়ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের শতভাগ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে দুটি বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। প্রথমত, প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কম্পোনেন্ট সংযোজন করতে হবে। দ্বিতীয়ত, অবশিষ্ট কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। একই সঙ্গে জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, এমন একটি ব্যবস্থা করা উচিত, যার মাধ্যমে সব প্রকল্পের অগ্রগতি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি একটি প্রকল্প শেষ হওয়ার পর নতুন কাজের জন্য অপেক্ষা না করে সমান্তরালভাবে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে মানসম্মতভাবে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর সেবা প্রত্যাশা করে। তিনি জানান, প্রধানমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তাই কর্মকর্তাদের পরিকল্পনা বাস্তবায়নে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে বড় প্রকল্পের নকশা এমনভাবে প্রণয়ন করার পরামর্শ দেন, যাতে একটি প্রকল্প থেকেই বহুমাত্রিক সুফল পাওয়া যায়।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর ব্যয়, অগ্রগতি ও উপযোগিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরীন জাহান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ্ আলম, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান, প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ