(মঙ্গলবার, ২৮ জুলাই)বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম ও পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।
আরও পড়ুন:
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি নিজ অফিস কক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে কাজ শুরুর প্রথম দিনে কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেন।
পরে রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
নির্ধারিত কর্মসূচি শেষে দুপুরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২০২৬ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।





