কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী মিশন স্থাপনে ঐকমত্য

তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উচ্চপর্যায়ের বৈঠক
তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উচ্চপর্যায়ের বৈঠক | ছবি: সংগৃহীত
0

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং ঢাকা ও আস্তনায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে উভয় দেশের সরকারপ্রধান একমত হয়েছেন।

আজ (বুধবার, ২৪ জুন) চীনের তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দুই দেশের মধ্যে রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) বৃদ্ধির জন্য নিয়মিত যৌথ বৈঠক আয়োজনের তাগিদ দেন। এর অংশ হিসেবে দুই দেশের রাজধানী—ঢাকা ও আস্তনায় স্থায়ী কূটনৈতিক মিশন চালুর বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত পোষণ করেন।

আরও পড়ুন:

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভও উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখার আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা বাড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের ওপর বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি ও শ্রমিক পাঠানো; নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়ন; প্রযুক্তি আদান-প্রদান ও কৃষি ব্যবসা; খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে যৌথ বিনিয়োগ।

আলোচনাকালে বৈশ্বিক পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবের কথা জানান ওলজাস বেকটেনভ। এই আন্তর্জাতিক সংস্থটি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কাজাখস্তানের এই দূরদর্শী প্রস্তাবে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এসএস