সক্রিয় ‘জাল টাকা’ সিন্ডিকেট, কতটুকু সচেতন মানুষ?

জাল টাকা
জাল টাকা | ছবি: এখন টিভি
0

কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় ‘জাল টাকা’ সিন্ডিকেট। রীতিমতো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চলছে জাল টাকার বিকিকিনি। কতটুকু সচেতন মানুষ? হাটে জাল টাকা শনাক্ত করার যন্ত্র কতটুকু সক্রিয়?

জাল টাকা বিক্রির বিজ্ঞাপন। কিনতে চাইলে শুধু করতে হবে ইনবক্সে মেসেজ। দামে বনিবনা হলে কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পাঠানো ঠিকানায় চলে যাবে জাল টাকা।

শুধু বাংলাদেশি মুদ্রা নয়? বিদেশি মুদ্রাও পাওয়া যাচ্ছে তাদের কাছে।

এমন লোভনীয় ফাঁদে পা দিয়ে অনেকেই জড়িয়ে পড়ছেন জাল টাকার ব্যবসায়। যা ভয় ধরাচ্ছে মূল্যস্ফীতির সমীকরণে।

রাজধানীর বাজারগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে এসেছেন খামারিরা। গরু বিক্রির এই টাকা দিয়েই ভাত কাপড় জোটে অনেকের। কতজন জাল টাকা চেনেন?

খামারিদের মধ্যে একজন বলেন, ‘আমরা জাল টাকা চিনি না। আমাদের কাছে তো টাকা, জাল টাকা কি জিনিস সেটা জানি না।’

অন্য একজন বলেন, ‘আমরা চিনি না জাল টাকা। তখন মেশিনে পরীক্ষা করে নেয়া হয়।’

বাজার ঘুরে দেখা গেলো অধিকাংশ মানুষই চেনে না জাল টাকা। তবে হাছিল ঘরের নির্ধারিত মানুষ টাকা যাচাই বাছাই করে দেন খামারিদের।

আরও পড়ুন:

হাছিল নেয়াদের মধ্যে একজন বলেন, ‘জাল টাকা শনাক্ত করা যায় কীভাবে, তার এক নম্বর হলো ধরলে বোঝা যায়। অনেক পাতলা হয়। কালারিং হতে পারে।’

অন্য একজন বলেন, ‘জাল টাকা শনাক্তের জন্য আমাদের মেশিন আছে। আমরা সবার জন্য উন্মুক্ত।’

যদিও জাল টাকা শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনী বাজারের বসিয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। আমরা বাজার ঘুরে দেখতে চাই কি অবস্থা মেশিনগুলোর।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশ কয়েকটি ব্যাংক জাল টাকা শনাক্তের মেশিন বসিয়েছে হাটে।

এনসিসি ব্যাংকের কর্মকর্তা বলেন, ‘প্রতিটা ঈদের মার্কেটে কিছু না কিছু জাল টাকা আসেই। আমরাও সেটাই শুনেছি। সেজন্য আমাদের ব্যাংক থেকে আমাদের এখনে পাঠানো হয়েছে। জাল টাকা আসলেও খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারা কিন্তু আমাদের কাছে আসে।’

পুলিশ বলছে জাল টাকার বিস্তার রোধে প্রস্তুত তারা। সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে জাল টাকা প্রতিরোধে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম বলেন, ‘জাল টাকা নিয়ে অলরেডি অভিযান চলছে। আমরা বিগত দিনে যারা জাল টাকা ছাপাইছে বা এ সংক্রান্ত যারা গ্রেপ্তার হয়েছিল তাদের বিষয়ে অলরেডি অভিযান পরিচালিত হচ্ছে।’

জাল টাকা শনাক্ত হলে অথবা সিন্ডিকেটের পরিচয় জানলে পুলিশকে জানানোর অনুরোধ নীতি নির্ধারকদের।

এসএস