রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের অবসান হলেও কমেনি ভোগান্তি

রাজধানীর ফিলিং স্টেশন
রাজধানীর ফিলিং স্টেশন | ছবি: এখন টিভি
0

গত দেড় মাসের তুলনায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারির কিছুটা অবসান হলেও ভোগান্তি কমেনি গ্রাহকের। মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের জ্বালানি সংকটের প্রভাবে গ্রাহকের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তবে, ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে।

আজ (শনিবার, ২৫ এপ্রিল) ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের লাইন। তবে, গেল দেড় মাসের তুলনায় দীর্ঘ লাইন কমেছে। ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ থাকায় অনেকটাই স্বস্তি ফিরেছে।

কিন্তু, গ্রীষ্মের খরতাপে অস্থিরতা বিরাজ করছে গ্রাহকের মনে। এদিকে, ফিলিং স্টেশনগুলো ফুয়েল পাসের মাধ্যমে অকটেন সরবরাহ করছে। ফলে গ্রাহকরা অকটেন পাচ্ছেন আগের তুলনায় বেশি।

আর ডিজেল সরবরাহ সরকার নির্ধারিত পরিমাণে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

গ্রাহকরা জানান, আগের তুলনায় তেল কিনতে সময় কম লাগছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ভোগান্তি কমেনি। তবে, আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে জনভোগান্তি কমে যাবে।

এদিকে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে । নতুন দর অনুযায়ী ডিজেল ১১৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে। এই বৃদ্ধিতে ১৫ থেকে ২০ টাকা লিটার প্রতি বেড়েছে, যা পরিবহন ও নিত্যপণ্যের বাজারে নতুন চাপ সৃষ্টি করেছে।

এফএস