নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: মন্ত্রী রবিউল

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
0

নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিচ্ছে না এবং এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টার দিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বপ্ন যাচ্ছে বাড়ি। চিরচেনা উঠোনে, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগর ছাড়ছেন মানুষ। কোলাহল পেছনে ফেলে একটু স্বস্তি আর আপনজনের টানে গ্রামমুখী রাজধানীর বাসিন্দারা।

সোমবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে আন্তঃনগর ও লোকাল ট্রেন। প্ল্যাটফর্মজুড়ে যাত্রীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। তবে এবারের ঈদযাত্রায় বড় ধরনের ভোগান্তি এখনও পর্যন্ত না থাকায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ নিয়েই বাড়ির পথে তাদের এই যাত্রা।

যাত্রীদের মধ্যে একজন বলেন, ‘এখন পর্যন্ত রাস্তায় জ্যাম নেই। আরামেই যাচ্ছি। অনেক দিন পর বাড়ি যাবো, সেজন্য আনন্দটা একটু বেশিই।’

ঈদযাত্রার চতুর্থ দিনেও ট্রেনের সময়সূচিতে কোনো বিপর্যয় হয়নি বলে দাবি কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষের। স্টেশন ম্যানেজার জানান, আগামী কয়েক দিনেও রেলপথে নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পারবেন যাত্রীরা- এমনটাই প্রত্যাশা তাদের।

আরও পড়ুন:

স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, ‘ট্রেন সবগুলো সময়মতো ছাড়ছে। কোনো ট্রেনের লেট নেই এখন পর্যন্ত। আশা করি লেট হবে না। আমরা চেষ্টা করছি যেন কোনো শিডিউল বিপর্যয় না হয়।’

এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। কেউ একা, আবার কেউ পরিবার নিয়ে রওনা দিচ্ছেন বাড়ির পথে। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে একের পর এক বাস। এখনও যাত্রীর চাপ খুব বেশি না থাকায় অনেক বাস কর্তৃপক্ষ ডেকে ডেকে যাত্রী তুলছেন। যাত্রীরাও বলছেন, এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ নেই। টিকিট পেতেও হচ্ছে না কোনো ভোগান্তি।

সকাল ১০টার দিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এসময় মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ নেই। ফলে মানুষ স্বস্তি ও নিরাপদ ঈদযাত্রা পাচ্ছে বলে মনে করেন মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিচ্ছে না। গত সাত দিনে আমি তা দেখিনি। বরং কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে। যাত্রী চাপ আছে। স্বস্তির নিরাপদ ঈদযাত্রা এবার পেতে চলেছে মানুষ। নিয়মের কোনো ব্যত্যয়, সংশয় নেই।’

তিনি বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই। আমরা ২৪ ঘণ্টা তৎপর আছি। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। তেলের দাম বাড়ছে না। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলার কোনো সুযোগ নেই। মনিটরিং টিম আছে।’

এছাড়া গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন তেলের দাম বাড়ছে না। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলার কোনো সুযোগ নেই।

এসএস