উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা যাত্রীদের। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের সামনে অপেক্ষমাণ মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের চোখেমুখে উৎকণ্ঠা, ভিসা মেয়াদ শেষ হওয়ার আর চাকরি হারানোর শঙ্কা।
যাত্রীরা জানান, ঠিকঠাক কোনো তথ্য না পাওয়ায় বেশ জটিলতায় ভুগছেন তারা। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এরকম পরিস্থিতিতে হতবিহ্বল যাত্রীরা।
আরও পড়ুন:
দোহা, আবুধাবি, দাম্মাম ও দুবাই ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালুর কথা থাকলেও গতকাল (রোববার, ১ মার্চ) রাত ৯ পর্যন্ত ছেড়ে গেছে মাত্র দুটি ফ্লাইট। দীর্ঘ অপেক্ষার পর যারা যাত্রা করতে পেরেছেন, তাদের মুখে ছিল স্বস্তির হাসি। ওমরাহ ও হজযাত্রীরাও ছিলেন ফ্লাইটে।
মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় আতঙ্ক নিয়েই যাত্রা করছেন অনেকে। পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে ভোগান্তি ও শঙ্কা সঙ্গী করেই কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ (সোমবার, ২ মার্চ) পর্যন্ত দেশি-বিদেশি ৯টি এয়ারলাইন্সের মোট ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হটলাইন সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।





