জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে কোনো বড় সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য চিকিৎসা সুবিধার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সভার সদস্যসচিব ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এসময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
এসময় অন্যান্য সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, সদস্য প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
এসময় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের দেশের গুরুত্বপূর্ণ সব অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদ মাধ্যম। জাতির প্রয়োজনে গণবিস্ফোরণে সহযোগিতা করে, নৈতিক সমর্থন জানিয়ে জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে গণমাধ্যম। সংবাদ মাধ্যমের মূল শক্তি হলো ডাটাবেইজ। ডাটা থেকেই তৈরি হয় ইনফরমেশন। জনগণকে অবাধ ইনফরমেশন বা তথ্য প্রদানই হবে আমাদের কাজ। সাংবাদিকদের ছাড়া এই তথ্য প্রবাহ নিশ্চিত করা সম্ভব না। সাংবাদিকরা তাই এই মন্ত্রণালয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন।’
এসময় নিজ নির্বাচনি এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসক্লাব কমপ্লেক্স তৈরি এবং সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের কথা জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিমন্ত্রী এসময় ২৪-এর গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাংবাদিক পরিবারের উপস্থিত কৃতি সন্তানদের অভিনন্দন জানান।
আরও পড়ুন:
সচিব মাহবুবা ফারজানা তার বক্তৃতায় প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানে প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিস্পত্তি হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ প্রমুখ। এছাড়া ছিলেন সাংবাদিক পরিবার এবং মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধানরা ও কর্মকর্তারা।





