Recent event

দীপু দাসের পরিবারকে আর্থিক ও গৃহনির্মাণ সহায়তা দিচ্ছে সরকার

অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকার | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ভালুকায় ‘সাম্প্রদায়িক সহিংসতায়’ নিহত দীপু চন্দ্র দাসের (দীপু দাস) পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়, গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু দাসকে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়। ঘটনাটি সে সময় গণমাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রকাশিত হয়।

প্রধান উপদেষ্টার পরামর্শে ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানান।

সরকার জানায়, দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ কারণে তার পরিবারের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকাঘর নির্মাণসহ আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন হবে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে।

আরও পড়ুন:

পরিকল্পনা অনুযায়ী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি নগদ সহায়তা হিসেবে নিহতের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, ‘দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই। এ ঘটনার সমাজে কোনো স্থান নেই।’

তিনি আরও বলেন, ‘সরকার যে সহায়তা দিচ্ছে, তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। রাষ্ট্র অবশ্যই সুবিচার নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উন্মাদনায় একজন মানুষকে হত্যা করা পুরো জাতির জন্য লজ্জার। ন্যায়বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে।’ পাশাপাশি তিনি মতপ্রকাশের অধিকার প্রসঙ্গে বলেন, ‘শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার সবার রয়েছে, তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া গ্রহণযোগ্য নয়।’

এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দায়ীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এনএইচ